আবৃত্তিকারের প্রস্তুতি : রবিশঙ্কর মৈত্রী
এক সময় মনে হত—জোরে জোরে বড়ো করে না করে বললে বুঝি নিজের আবৃত্তিকে খুব ভালোভাবে জানান দেওয়া হয় না।
‘ভালোবাসা দাও-- চোখ পেতে আছি / বুক পেতে আছি’-- এরকম নরম পরম প্রেমের আকুতি জানাতে গিয়েও গলাটা একটু চড়েই যায়। বিশেষ করে মুক্ত মঞ্চে আবৃত্তি করতে গেলে গলা বেড়েই যায়। কিন্তু মনেই থাকে না-- মুক্ত মঞ্চেও দারুণ একটা শব্দযন্ত্র রয়েছে। নিশ্বাসের শব্দও যে যন্ত্র মন্ত্রের মতো নিয়ে ছড়িয়ে দেয়-- সে যন্ত্রকে অতো যন্ত্রণা দেওয়ার দরকার কী? খোলা পরিবেশে যদি প্রেমের কবিতাই বলি-- তবে কেন চিৎকার বলব--
‘‘... বলেছে সে, এতোদিন কোথায় ছিলেন?
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।”
ভিড়ের মধ্যে হারিয়ে না গেলে ভালোবাসার মানুষকে চিৎকার করে ডাকতে হয় না যদি, তবে কেন চেঁচিয়ে বলব-- ‘‘অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাত না।”
নিজেকেই এরকম বোকাচোখা প্রশ্ন করে করে উত্তর খোঁজা আর আবৃত্তিকে সঠিক মাত্রায় পাকাপোক্ত মজবুত করে তোলা দিনে দিনে।
একদিন এরকম সিদ্ধান্ত নিতেই হয়--- মঞ্চ যেমন; পরিবেশ যেমন-- অর্থাৎ দিনক্ষণ উপলক্ষ শ্রোতা স্থান কাল সব বিবেচনা করেই আবৃত্তি করতে হয়। অর্থাৎ আবৃত্তিকারের
স্টকে প্রচুর কবিতা থাকা চায়। কেবল মানব মানবীর প্রেমের কবিতা নয়। ভাষাপ্রেম, দেশপ্রেম, প্রকৃতি প্রেমের পাশাপাশি মানবতার কবিতা, হাসির কবিতা, প্রতিবাদের কবিতা-- বিচিত্র বিষয়ের বৈচিত্র্যপূর্ণ কবিতাভাণ্ডার
না-থাকলে সকল মঞ্চে সফল সার্থক আবৃত্তিকার হওয়া সম্ভব নয়।
অর্থাৎ বিভিন্ন বিষয়ে অন্তত একশো কবিতা স্টকে থাকলে আমি একজন সাবলীল স্বতঃস্ফূর্ত আবৃত্তিকার। এবং আরো একটা ব্যাপার মনে রাখতেই হয়-- আমার স্টকের সঙ্গে আর কারো কবিতারা মিলে যাচ্ছে না তো? কমন কবিতা আমার স্টকে থাকলে যখন তখন বিপদে পড়তে পারি-- অর্থাৎ আমার আগে যিনি মাইক্রোফোন পেয়েছেন তিনি হয়তো আমার প্রস্তুত কবিতাই আবৃত্তি করে যাচ্ছেন। এবার আমার ঠেলা কে সামলাবে? অতএব আমার কবিতার স্টক হতে হবে কিছুটা আনকমন।
এরপর আসে আবৃত্তির গুণগত মানের কথা। আবৃত্তিকারের আবেগ, রসবোধ-- স্পষ্ট এবং শুদ্ধ উচ্চারণ, কণ্ঠস্বরের পরিমিত ব্যবহার এবং সর্বোপরি স্মৃতিশক্তি। অর্থাৎ-- স্মৃতি থেকে না-বললে আবৃত্তি সম্পূর্ণ যথাযথ হবে না বলেই মনে হয়। দেখে দেখে কবিতা বলে গেলে আবৃত্তি হয় না-- তা বলতে চাইছি না। তবে স্মৃতি থেকে আবৃত্তি করতে না-পারা আবৃত্তিকারের বড়ো ধরনের অক্ষমতা এবং অপারগতা।
আমি বই খাতা দেখে আবৃত্তি করেছি বলেই এমন কোনো শব্দবাক্য ব্যবহার করে এই ফতোয়াবাজি করব না যে-- বই খাতা দেখে আবৃত্তি করলে আবৃত্তিকারের
স্বতঃস্ফূর্ত ভাব নষ্ট হয় না। আমরা যারা সময়ের অভাবে কবিতা মুখস্থ করতে পারি না; পারফেকশনের চূড়ান্ত স্থানে পৌঁছতে পারি না-- তবু উপলক্ষের তাড়নায়, নিজের উপস্থিতির আবশ্যিকতায় সম্পূর্ণ প্রস্তুতি ছাড়াই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে যাই।
আমিও এই আত্মঘাতী তাড়নায় যাতনায় ছিলাম বহু বছর। সবকিছু করে-- জীবনের এঁটো সময়টুকুতে আবৃত্তি করেছি। চাকরি, সংগঠন, পথে পথে যানজটে ঝরে যাওয়া অজস্র সময়-- গভীর রাতে বাড়ি ফিরে ক্লান্তিতে নুয়েপড়া গলায় আর কবিতা উঠত না। কবিতা মুখস্থ করব কখন? কতোদিন রিকশার হুড তুলে দিয়ে কবিতা পড়তে পড়তে বাংলাবাজার থেকে টিএসসি পৌঁছে গেছি। মঞ্চের সামনে গিয়ে ভেবেছি-- না নাঃ হল না, আজও হল না।
আত্মবিশ্বাসী হয়ে নতুন কবিতাটা মুখস্থ বলার সাহস পাইনি। আজও বই খুলে কবিতা বলতে হবে। অনেক কষ্টে কান্না চেপে রেখেছি।
আমার মতো আরো অনেকেই বোঝেন-- শখ করে কেউ লাঠি ভর দিয়ে হাঁটে না। বাধ্য না-হয়ে কেউ বই খাতা দেখে
আবৃত্তি করে না।
অতএব, সকল অজুহাত
গুটিয়ে রেখে আসুন আমরা সকল বাধা বিপত্তি দূরে ঠেলে আবৃত্তিকে আরো একটু ভালোবেসে
কবিতা মুখস্থ করি, আত্মস্থ করি— সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আবৃত্তির মঞ্চে উঠি।
কাউকে ধরে বেঁধে আবৃত্তির মঞ্চে জায়গা পেতে কোনো আপত্তি নেই—তবে প্রথমবার মঞ্চে
ওঠার পর যেন আবৃত্তির জন্য আমাকেও বাধ্য করা হয়। তাড়াহুড়োর কিছু তো নেই। বিয়েরও
বুঝি বয়স থাকে, প্রেমেরও হয়তো-বা, চাকরিরও বাঁধা বয়স থাকে— আবৃত্তির কোনো বাঁধা
বয়স নেই। আমাদের কোনো ঘোড়াতাড়া নেই—জলস্রোত আমার সঙ্গী নয়; আমি সময়ের সঙ্গী হব
না—সময়ই একদিন আমার সঙ্গী হবে।
১৯শে জানুয়ারি, ২০১৬।
আলেস, ফ্রান্স।