বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

পাখিবাগান

পাখিবাগান : রবিশঙ্কর মৈত্রী
১.
ঈশ্বরের সঙ্গে আজ দেখা হল দুবার। সকালে তাঁকে লোকাল ট্রেনে বেহালা বাজিয়ে ভিক্ষা করতে দেখেছি। ঈশ্বরকে তখন চিনতে পারিনি, তাঁর বেহালা বাদনে বিশেষ অলৌকিক কিছু ছিল না। দুপুরে তাঁকে আবার দেখলাম। দেখলাম একটি আশ্রয় কেন্দ্রে শিশুদের হাতে চকলেট আর কেক তুলে দিচ্ছেন।

২.
বিনীত ভঙ্গিতে একটা হাত এগিয়ে এল। আমি তার মুখের দিকে নম্র চোখে তাকালাম। বললাম, ‘তোমার এ হাত সুস্থ সুন্দর। এ হাত করুণা গ্রহণের জন্য নয়। তোমার হাত ¯েœহদানে ধন্য হোক। তুমি বৃক্ষের কাছে যাও, তাদের পরিচর্যা করো।’
একটি মায়াবী মুখ এগিয়ে এল অসহায় ভঙ্গিতে। তার চোখেমুখে বিগলিত প্রার্থনার ভাব। আমি ব্যাকুল হয়ে তাকে বললাম, ‘এ মুখে দয়াভিক্ষার ভাব একটুও মানায় না। তুমি কঠিন হƒদয় মানুষগুলোকে প্রেমের শিক্ষা দাও।’
একজন তরুণ ¯^তঃস্ফূর্ত ভঙ্গিতে আমার কাছে তার জীবনবৃত্তান্ত মেলে ধরল। সে একজন দাসানুদাস হতে চায়। আমি তাকে মাটির কাব্যপাঠ করে পরিপূর্ণ শিক্ষা গ্রহণের পরামর্শ দিলাম।
একজন পাখিবিক্রেতা তার খাঁচাগুলো আমার সামনে নামিয়ে বলল, ‘আপনি নিজের হাতে পাখিগুলো মুক্ত করে দিন।’
আমি সবিস্ময়ে অপলক চোখে পাখিবিক্রেতার মুখদর্শন করলাম। তার মুখের অব্যক্ত বিভা বলে দিল, আমি ঈশ্বর হয়ে গেছি।

৩.
ঈশ্বরের কাছে যাবার বাসনা প্রকাশ করতেই তিনি বললেন, ‘তুমি চাইলেই যখন তখন আমার কাছে চলে আসতে পারো, কিন্তু কেউ আকাঙক্ষা না করলে তুমি আর পৃথিবীতে ফিরে যেতে পারবে না।’

৪.
তখন আমার স্কুল শুরুর বেলা। কড়া শীতের মাঘ মাস এলেই রানু পিসির জন্য ছটফট করতাম। প্রতি মাঘের এক কুয়াশা ভোরে রানু পিসি মন্দিরা হাতে আমাদের বাড়ির উঠোনে এসে দাঁড়াতেন। মা তখন লেপের ভিতর থেকে বেরুতে দিত না আমাকে। রানু পিসি উঠোনে দাঁড়িয়ে প্রভাতী গান গেয়ে চলে যেতেন। সেদিন আমার আর স্কুলে যাওয়া হত না, জানতাম রানু পিসি দুপুরের আগেই ভিক্ষা নিতে আসবেন।
সকাল দুপুর গড়িয়ে ভাটি বেলায় আবার আসতেন রানু পিসি। তখন তাঁর ঝোলাভর্তি আলু বেগুন মুগডাল আর আমন চাউল। আমাদের বাড়িতে এসে তিনি তাঁর ঝোলার সবকিছু একটা ধামার মধ্যে রেখে দিতেন। পরদিন সকালে আবার ভিক্ষা করতে বেরুতেন, মাঘের শীতের একটি রাত আমাদের বাড়িতেই থাকতেন।
রানু পিসির সন্ধ্যা আহ্নিক শেষ হলেই মা বলত, বোষ্টুমি এইবার পদ ধরো। বোষ্টুমি পদ ধরতেন, ‘ছুঁইও না ছুঁইও না বঁধু ওইখানে থাকো, চিকুর লইয়া চাঁদ মুখখানি দেখো।’ আমি তখন সে গানের কিছুই বুঝতাম না, শুধুই মুগ্ধ হতাম। আমার মা তখন ওই গান শুনে কেন যে কেঁদে ভাসাতেন, জানি না, আজো জানি না। তখন শুধু মনে হত, আমিও বড়ো হয়ে রানু বোষ্টুমির মতো গান গেয়ে ভিক্ষা করে বেড়াব। তখনই বুঝতাম, ভিক্ষার মধ্যে অতি পবিত্র এক আনন্দ আছে, এই আনন্দ আমি আর কোথাও পাব না।
বাবা বলতেন, ‘চৈতন্য জাগলে তুমি ভিক্ষা কোরো, ভিক্ষা তোমাকে মহৎ করবে, অহঙ্কারহীন করবে।’
রানু পিসি ভিক্ষার চাউল ডাল তরকারি জড়ো করে বাড়িতে বাৎসরিক উৎসব করতেন। কোথায় কোন গ্রামে তাঁর বাড়ি কিছুই জানতাম না। কিন্তু তাঁর টানা টানা চোখ, প্রশস্ত কপাল আর স্নেহকাতর মুখ আমাকে ভীষণ টানত, বাড়ি বাড়ি ভিক্ষা করে মাঙন মেঙে উৎসব করতে তাঁর মনে কোনো সংকোচ ছিল না।
রানু পিসি, আমার শৈশবের বোষ্টুমি, আমি আজও ভাবি, একদিন তোমার মতো ভিক্ষুক হব। মানুষের দ্বারে দ্বারে গিয়ে গান শুনিয়ে মুষ্টিভিক্ষা চেয়ে নেব।

৫.
তুমি যদি সত্যিই ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করো, তাঁর উপরেই সব ভালো মন্দ সঁপে দাও, নিজের বলে কিছুই রেখো না। তুমি কি তা পারছ, কোনো কৃতীত্বই কি নিজের বলে দাবি করছ না?
ভেবো দেখো, তুমি হয়তো দোটানায় ভুগছ। ঈশ্বরে বিশ্বাস--এই আছে এই নেই। মেঘ হলেই বৃষ্টি, বৃষ্টি গেলেই রোদ? এভাবে ঈশ্বরে বিশ্বাস থাকে না, নিজের উপরেও না।

৬.
যে হারিয়ে যায় সেই শুধু জানে তার আর ঠিকানা নেই, পরিচয় নেই, তার জীবনে আর একজন রাখাল বালকেরও আহ্বান নেই।

৭.
বললে, আমি এখানেই আছি, তুমি ঘুরে এসো

ঘুরে এসে দেখি, তুমি আছ, জায়গাটা নেই।

শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫

সমুদ্র সন্ধান : রবিশঙ্কর মৈত্রী

খাল বিল আর নদীর মধ্যে একদা সমুদ্রের গন্ধ পেয়েছিলাম। সমুদ্রকে তখনো চিনিনি। নদীর মধ্যে তার মুখ আমি অনুমান করেছিলাম।

আজ আর আমার গ্রাম নেই। সেই ছোট্ট খালের এপার ওপার পার নেই। বিল থেকে শাপলা শালুক তোলা নেই। নদীর বুকে চর জেগেছে। চরের মধ্যে সারি সারি বাড়ি। মাঠগুলো আর মাঠ নেই, অনেক অভিমানে গ্রাম থেকে পালিয়েছি সেই কবে। ঘুরতে ঘুরতে একদিন সমুদ্রের কাছে পৌঁছলাম। বড়ো বড়ো ঢেউগুলো নাচতে নাচতে কাছে এসে বলল, আমরা তোমার সেই শৈশবের খাল বিল নদী। আমরাও পালিয়ে এসেছি, আমরা এখন অনেক বড়ো, ঠিক তোমার মতো। এসো, মিলাও। খেলো, মিলে যাও মিশে যাও আমাদের সঙ্গে।

Night

মানুষ ও পৃথিবী : রবিশঙ্কর মৈত্রী

মস্ত বড়ো পৃথিবীটা মানুষের জন্য
মানুষ তার পৃথিবীকে গ্রহণ করেনি।
মানুষগুলোও ইঁদুর স্বভাবের
ছোট্ট ছোট্ট ঘরে ঢুকে

পৃথিবী থেকে পালিয়ে আছে।